• এপ্রিল ২১, ২০২৫
  • সিলেট
  • 29
কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী মামুনের উপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মেসার্স মামুন এন্টারপ্রাইজ এবং মেসার্স তাওসিফ সত্ত্বাধিকারী মো মামুন আহমদের উপর হামলা করেছে একদল স্থানীয় সন্ত্রাসী। রবিবার (২০ এপ্রিল ২০২৫) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে বুড়িডহর গ্রামে মামুন আহমদের প্রতিষ্ঠান তাওসিফ ফিসারিজে গিয়ে এই হামলা চালায় সন্ত্রাসীরা। এতে গুরুত্বর আহত হন মামুন।

স্থানীয় ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এলাকার কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক মামুন আহমদের প্রতিষ্ঠান তাওসিফ ফিসারিজের অফিসে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে সে সহ তার অফিসের কর্মীকে আক্রমণ করে। এই আক্রমণে মামুন আহত হলে তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মামুন আওয়ামী লীগ নেতা হওয়ায় পুলিশের কাছে যাননি। কারণ ২৪ এর আন্দোলনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের পুলিশ আইনি সহায়তা না দিয়ে উল্টো গ্রেপ্তার করেছে।

মো মামুন আহমদ জানান, আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এসে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছি। কিন্তু পুলিশের কাছে যাইনি। কারণ এর আগে ২৪ এর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বালু-পাথর লুটপাট করা হয়। এর কোনো আইনি প্রতিকার পাইনি। তাই এবার আর পুলিশের কাছে যাইনি। কারণ পুলিশের কাছে গেলে দেখা যাবে আমাকে আরও হয়রানির করা হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বুড়িডহর গ্রামে কারো উপর কোনো সন্ত্রাসী হামলার খবর আমরা পাইনি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।