• অক্টোবর ১০, ২০২৫
  • শীর্ষ খবর
  • 148
সিলেটে ভোটের মাঠে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ করে প্রশংসিত ফয়সল চৌধুরী

নিউজ ডেস্কঃ ভোটের মাঠে কেবল নির্বাচনি প্রচারণা নিয়ে নয়, বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে মানুষের মন জয় করছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বিএনপি রাজনীতিতে সক্রিয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৬ আসনে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচিত প্রার্থী হিসেবে ভোটের মাঠে তার পরিচিতি।

শুক্রবার (১০ অক্টোবর) থেকে তার নির্বাচনি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু করা হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া কাউদিয়া এলাকার ঢাকা-উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী চিকিৎসাসেবা দেওয়া হয়।

এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফয়সল চৌধুরী। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে উপস্থিত ছিলেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। দিনভর প্রায় এক হাজার ২০০ চিকিৎসা প্রত্যাশী মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আহমদ নাফি, ডা. জালাল আহমদ চৌধুরী, ডা. আজহারুল ইসলাম রানা, ডা. জেসমিন জাফর চৌধুরী, ডা. আরিফুল হক চৌধুরী, ডা. লিপিকা রানী রায়, ডা. শরীফ উদ্দিন, ডা. মির্জা লুৎফুল বারী, ডা. কবির আহমদ, ডা. বাধন দত্ত, ডা. তানভীর নাভিল, ডা. আব্দুলাহ সাঈদ ও ডা. পরাগ দত্ত। চিকিৎসাসেবা উদ্যোগটি তদারকি করেন কুইন্স হসপিটালের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।

বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধন করে ফয়সল চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে নানা অনিয়ম, দুর্নীতি রয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট করা হয়েছে। আল্লাহর রহমতে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাস্থ্যখাত নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন। ঘোষিত ৩১ দফায়ও এ সংক্রান্ত পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি।

ভোটের মাঠে এ রকম চিকিৎসাসেবা জীবনে প্রথম পেয়েছেন বলে জানিয়েছেন ৬৮ বছরের বৃদ্ধ হানিফ আলী। তিনি উদ্যোক্তা ফয়সল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাতের ব্যথায় বেশ কিছুদিন ধরে ভুগছি। কিন্তু ডাক্তার দেখানোর টাকা জোগাড় করতে না পারায় কষ্ট পাচ্ছিলাম। এখানে ফ্রিতে চিকিৎসা পাইছি, ওষুধপত্র পাইছি। খুবই ভালো লাগছে।’

স্ত্রীরোগে আক্রান্ত জাহানারা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। রোগ-শোকে চলি। টাকা খরচ করে ভালা ডাক্তার দেখানো সম্ভব হয় না। হাতের নাগালে ডাক্তার দেখাইছি। আল্লাহ তারারে ভালা করুন।’

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিয়ানিবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী, আলী নগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান চৌধুরী, ৪নং ওয়াড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ৩নং ওয়াড বিএনপির সভাপতি মানিক মিয়া, উপজেলা যুবদলের সদস্য মোরশেদুর রহমান পলু, ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদ, নাইমুজ্জামান এনি মিয়া, ওলি মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদ, আলী নগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ, সহ-সভাপতি তানজিল আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন আহমদ, রাজু আহমদ, জাকির হোসেন প্রমুখ।

‘৩১ দফা বাস্তবায়নে বদলে যাবে বাংলাদেশ’

‘৩১ দফা হচ্ছে এমন একটি কর্মসূচি, এমন একটি কমিটমেন্ট, যা বাস্তবায়ন হলে আমূল বদলে যাবে বাংলাদেশ। ৩১ দফা হচ্ছে গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি সুচিন্তিত প্রচেষ্টা। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের দল বিএনপির বহু বছরের গবেষণা, সুচিন্তার ফল। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে এই ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে দেশ ও মানুষের প্রকৃত আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।’

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বি.এন.কে উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

আওয়ামী দুঃশাসনে বাংলাদেশের সমাজ, অর্থনীতি, গণতন্ত্র সব এখন ভঙ্গুর উল্লেখ করে ফয়সল চৌধুরী আরও বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে, ক্ষতিগ্রস্ত করেছে। এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। আর এজন্যই ৩১ দফা হবে সবচেয়ে বড় সহায়ক। এই ৩১ দফার মধ্যেই রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করছে। তারা পরাজিত হওয়ার ভয়ে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বাংলার মানুষ তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত।’ বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুম আহমদের পরিচালনায় সভায় উপজেলা ছাত্রদলের প্রতিষ্টাতা সদস্য এম. এ ছায়াদ, দক্ষিণ ইউনিয়নের সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, রাহাত চাকলাদার বক্তব্য দেন। খবরের কাগজ