- ফেব্রুয়ারি ৯, ২০২৬
- রাজনীতি
- 77
নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হাত তালির জন্য সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, তবে দেশ চালানো এত সহজ নয়। দেশ পরিচালনার জন্য প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা ও কার্যকর কর্মসূচি। কোথায় তাদের পরিকল্পনা, কর্মসূচি ? বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে।’ সোমবার ঢাকা-৮ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে একমাত্র বিএনপির দেশ চালানোর অভিজ্ঞতা আছে। দেশ ও মানুষের জন্য আমাদের সঠিক কর্মপরিকল্পনা আছে। দেশ যদি ভালো থাকে, বিএনপিও ভালো থাকে।’
তিনি বলেন, ‘যে মানুষটির বেড়ে ওঠা যে এলাকায়, সেই মানুষকেই নির্বাচিত করতে হবে।’ এলাকার সমস্যা বাইরে থেকে কেউ এসে সমাধান করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তাদের বাইরে রেখে যতই পরিকল্পনা করি তা বাস্তবায়ন হবে না। মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা সবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।’
প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে আমরা ১ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। আইটি ট্রেইনিং ইনস্টিটিউট তৈরি করবো। যাতে যুব সমাজ নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে একই সঙ্গে বিদেশেও যেতে পারবে। আমরা দেখেছি আমাদের ভাইয়েরা বিদেশে যাওয়ার আগে জমি বিক্রি করে। আমরা চাই—তারা জমি ধরে রেখেই বিদেশে যেতে পারুক। সেজন্য আমরা তাদের জন্য ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করবো।’
তিনি আরও বলেন, ‘সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। এর মাধ্যমে একদিকে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, অন্যদিকে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা দেশের মধ্য থেকে পেশাদার খেলোয়াড় বের করে আনতে চাই।’
নিরাপদ বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই—যেখানে মা-বোনেরা যেকোনো সময়ে নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারবে। ব্যবসায়ীয়রা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। আমরা কঠোর হাতে দুর্নীতির লাগাম টানবো। যে দুর্নীতি করে সে কোন দলের নয়, সে অপরাধী।’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্ভিক্ষ কবলিত দেশে তিনি খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন এবং পরবর্তীতে বিদেশে খাদ্য রপ্তানিও সম্ভব হয়েছিল।’
