• ফেব্রুয়ারি ২৫, ২০২৬
  • শীর্ষ খবর
  • 64
সিসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ, প্রথম অগ্রাধিকার মশক নিধন ও পরিচ্ছন্নতা

নিউজ ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্ব) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীকে একটি সুন্দর ও বাসযোগ্য নগর উপহার দেওয়াই তার লক্ষ্য। কাজের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার থাকবে মশক নিধন; এরপর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় নগরভবনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়তে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় সিলেটের দুজন মন্ত্রী রয়েছেন। সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর সহযোগিতা চাওয়া হয়েছে। তাদের সমন্বয়ে নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পরে হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরান দরগাহ জিয়ারত করেন।

দুপুরে নগরভবনে পৌঁছালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বেলা আড়াইটায় প্রশাসক কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।