- মার্চ ৩, ২০২৬
- শীর্ষ খবর
- 67
নিউজ ডেস্কঃ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় একটি ঝোপ থেকে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ওই কঙ্কালসার একজন নারীর হতে পারে বলে ধারণা পুলিশের।
সোমবার (২ মার্চ) রাত দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়কের একটি বাসার সীমানার বাইরে ঝোপের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাইপাস সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারির বাইরে জমির ঝোপে একটি মাথার খুলি ও কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে।
পুলিশ জানায়, কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর কঙ্কাল এবং বেশ পুরোনো।
বিশ্বনাথ উপজেরার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবরে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি ঝোপ থেকে পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই কঙ্কালটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
