• মার্চ ১৫, ২০২৬
  • লিড নিউস
  • 74
কানাইঘাটে ঝড়ে পড়ে দিশেহারা শিশু

নিউজ ডেস্ক: গত দুয়েকদিন ধরেই সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকাল শনিবার (১৪ মার্চ) মধ্য রাতে ব্যাপক ঝড় ও মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়। এই ঝড়ে সিলেট কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাউরভাগ ২য় খন্ড গ্রামে একটি পরিবারের বসত ঘরের টিনের চাল উড়ে যায়। এসময় ঝড়, বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয়ে যেতে দিশেহারা হয়ে কান্না শুরু করে এক শিশু। এই সংক্রান্ত একটি ভিডিও গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শিশুটির জন্য জনমনে উদ্বেগ দেখা দেয়।

জানা যায়, ঝড়ের কবলে পড়া শিশুটির নাম হান্নান হোসেন। তার বয়স ৫ বছর। ঝড়ের তার ঘরের চাল উড়ে গেলে সে পাশে থাকা চাচার বাড়িতে আশ্রয় নিতে বাইরে বের হয়। এসময় সে আতঙ্কিত হয়ে দিশেহারা হয়ে পড়রে পরিবারের অন্য সদস্যরা তাকে খুঁজে নিয়ে নিরাপদ আশ্রয়ে যায়।

হান্নান হোসেনের চাচা সাহাবউদ্দিন বলেন, রাতে ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের ঘরের চাল উড়ে যায়। তখন আমরা সবাই ঘুমন্ত ছিলাম। এসময় ঘরের ভিতর বৃষ্টি পড়তে শুরু করে । আকাশের বজ্রপাত দেখাযাচ্ছিল। তখন সবাই আতঙ্কিত হয়ে পড়ি। আমার মা বাবাসহ আমার পরিবার সাত জন সদস্য আছে। তখন আমরা পাশের বাড়িতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সবাই ছুটাছুটি করছিলাম। এই ভিডিওটি আমি আমার ফেসবুকে দিলে ভাইরাল হয়। আমাদের ঘরের আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই খারাপ অবস্থা ও ক্ষয়ক্ষতি ভিডিও দেখে মানুষজন দূর দূরান্ত থেকে খবর নিচ্ছেন। সাহায্য করার কথা বলছেন। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধি বা সরকারি লোক আমাদের কোনো খবর নেননি। আমরা এখনো পাশের আমার ভাইয়ের বাড়িতে আছি।

উল্লেখ্য, শনিবারের ঝড় ও শিলা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় মানুষজনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেকের ঘরের চাল শিলা বৃষ্টিতে ফুঁটো হয়ে যায়। আবার অনেক মানুষের টিনের চাল ঝড়ের বাতাসে উড়ে যায়।