- জুলাই ২, ২০২৬
- শীর্ষ খবর
- 32
নিউজ ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফুটবল বিশ্বকাপের ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো এর মধ্যকার ম্যাচ চলাকালে চিৎকার করাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে খুন করেছেন এক যুবক। বুধবার (১ জুলাই) রাত অনুমান ১১টা ৪৫ মিনিটে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে ভিকটিম আলম হোসেনকে (২৮) তার আপন চাচাতো ভাই পারভেজ আহমদ (৩২) ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এই ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আলম হত্যার ঘটনায় দুই ঘন্টার মধ্যে প্রধান আসামী পারভেজ আহমদকে গ্রেপ্তার ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
নিহত আলম হোসেন লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। অন্যদিকে, আটক পারভেজ আহমদ একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং সম্পর্কে নিহতের আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত অনুমান ১১টা ৪৫ মিনিটে বিশ্বকাপের ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো এর মধ্যকার ম্যাচ চলাকালে চিৎকার করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পারভেজ ছুরি দিয়ে আলমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। উপস্থিত লোকজন ভিকটিম আলম হোসেনকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে বুধবার রাত ২টার সময় ঘটনায় জড়িত আসামী পারভেজ আহমদকে গ্রেপ্তার করে। আসামীর দেখানো মতে হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ফুটবল খেলা নিয়ে সামান্য চিৎকার করা থেকেই এই বিরোধের সূত্রপাত হয়। ইতোমধ্যে ভিকটিমের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তে জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে ভিকটিম আলম হোসেন এর বড় ভাই মো: জসিম উদ্দিন বাদী হয়ে এজাহার দায়ের করলে থানায় খুনের মামলা রুজু হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
