- জুলাই ৭, ২০২৬
- শীর্ষ খবর
- 46
নিউজ ডেস্কঃ জাফলং জিরো পয়েন্ট এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসনের পরিচালিত টাস্কফোর্সের অভিযানে এক শ্রমিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আলম নামে এক শ্রমিককে হাতেনাতে আটক করেন টাস্কফোর্সের সদস্যরা।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আলম জামালগঞ্জ উপজেলার মৃত চাঁন মিয়ার ছেলে।
এ ছাড়া আটক আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে সোমবার (৬ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সংগ্রাম বিওপির সদস্য ও গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, জাফলং একটি ইকোট্যুরিজম এলাকা এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)।
এখানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
