- জুলাই ১২, ২০২৬
- শীর্ষ খবর
- 21
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামির নাম মাকসুদা চৌধুরী (৫৬)। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাকসুদা চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তিনি যুক্তরাজ্য প্রবাসী। তিনি সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় আদালত তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ (BG201) ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে তার বিরুদ্ধে জারি থাকা ভ্রমণ নিষেধাজ্ঞার তথ্য শনাক্ত হয়। এরপর বিদেশযাত্রা স্থগিত করে তাকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে আটক মাকসুদা চৌধুরীকে মামলার তদন্তকারী কর্মকর্তা, সিলেট কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, প্রতারণা মামলার আসামি হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী ওই নারীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। বিমানবন্দরে তাকে আটক করে পরে আদালতে পাঠানো হয়েছে।
