- আগস্ট ২৮, ২০২৬
- জাতীয়
- 20
নিউজ ডেস্ক: নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদে। একই সঙ্গে দুর্গতদের সহায়তায় প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম ও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান।
পরে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রয়াত সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারসহ ১২ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রাজনৈতিক চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং শিক্ষাবিদ ড. মকবুল হোসেনের প্রয়াণেও সংসদ শোক প্রকাশ করে।
শোক প্রস্তাবে আরও কয়েকজন সাবেক সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রেখে চিফ হুইপ নূরুল ইসলাম মনি নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি মহান সংসদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানোর আহ্বান জানান। তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশটির এই দুর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
সংসদে উত্থাপিত সব শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে নেপালের দুর্যোগে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং প্রয়াত ব্যক্তিবর্গের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
