- মার্চ ১৭, ২০২৫
- হবিগঞ্জ
- 12
হবিগঞ্জ প্রতিনিধঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার গকুলপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। গতকাল রবিবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গকুলপুর গ্রামের আনসার আলী ও তার পরিবার এবং একই গ্রামের গৌতম দেব ও তার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সন্ধ্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হন। গুরুতর আহত ৭ (সাত জন) ব্যক্তি গৌতম দেব (৫১), শফিক মিয়া (২৬), সৌরভ দেব (২৬), আনসার আলী (৫২), রাহুল দেব (২৫), সঞ্জয় দেব (২১), আলীম উদ্দিনকে (৪৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং আরও কয়েকজন আহত ব্যক্তিদের প্রাথমিকভাবে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে বাহুবল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
