• অক্টোবর ১৭, ২০২৬
  • জাতীয়
  • 1
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

নিউজ ডেস্কঃ কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহত ৬ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন– রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজে সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।