• ফেব্রুয়ারি ১৬, ২০২৬
  • শীর্ষ খবর
  • 70
দিরাইয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাজ্জাদ মিয়াকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসার পথে হোসেনপুর গ্রামে পৌঁছালে আসামির স্বজন ও স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ির গতিরোধ করে।

এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায় এবং আসামী সাজ্জাদ মিয়াকে ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে হামলাকারীরা দ্রুত আসামিকে নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এবিষয়ে মামলা নেওয়া হচ্ছে।