- মার্চ ২৩, ২০২৬
- শীর্ষ খবর
- 12
হবিগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই বছর বয়সী এক শিশুকে অপহরণ করে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সোমবার (২৩ মার্চ) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাপ্পারাজ ওই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
র্যাব-৯-এর সিসিপি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতরের পরদিন শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি কুমিল্লা দক্ষিণ থানার কাজীবাড়ির মাওলানা নাসির উদ্দিনকে দেখতে যান তার পুত্রবধূ নুসরাত জাহান।
এ সময় তার সঙ্গে ছিল দুই বছর বয়সী শিশুপুত্র কাজী ফুজাইল।
বিকেল ৩টার দিকে তিনি লক্ষ্য করেন শিশুটি পাশে নেই। পরে পুরো হৃদরোগ বিভাগে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শিশুটির মা ইসরাত জাহান ও তার ভাই সাদ বিন ইকরামের মোবাইল ফোনে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
প্রথমে বিকাশে ৫০ হাজার টাকা এবং পরে শিশুটিকে ফেরত দেওয়ার সময় বাকি টাকা পরিশোধ করতে বলা হয়।
পরদিন দুই বছর বয়সী শিশু ফুজাইলের মা রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে অভিযান চালিয়ে শাহনেওয়াজকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
