• এপ্রিল ৬, ২০২৬
  • জাতীয়
  • 7
স্থানীয় নির্বাচনেও থাকবে না ইভিএম

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ এপ্রিল) ১১-তম কমিশন সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।

স্থানীয় নির্বাচনেও কেন ইভিএম বাদ দিচ্ছেন, এর পেছনে যুক্তি, বা কী ত্রুটি চিহ্নিত করতে পেরেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে জিনিসের প্রতি সবার অনাস্থা সেটা নিয়ে আমরা কেন চর্চা করি? এগুলো অডিট ডিপার্টমেন্ট তারা নিরীক্ষা করছেন। দুদক থেকে আছে।

ঐ রিপোর্টগুলো আসুক।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখানে (ইভিএম নিয়ে) দুর্নীতি দমন কমিশন একটা বিষয়ে তদন্ত করছে। অডিট ডিপার্টমেন্ট থেকে একটা করা হয়েছে। তদন্ত কমিশন তারা একটা করেছে এবং এই জিনিসগুলো পর্যালোচনার ভিতরে আছে।

এখন যে যে বিষয়গুলো পর্যালোচনার ভিতরে আছে সেটাকে আমি নতুনভাবে ঐ বিষয়ে আমার কথা বলাটা বোধহয় সমীচীন হবে না।
এই ‘মরা হাতি’(ইভিএম) আর কতদিন টানবেন? কোনো টাইমলাইন আছে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আপাতত আমার কাছে টাইমলাইন নেই। টাইমলাইন দিতে পারলে তো আমি সবচাইতে খুশিই হতাম। আমি যদি বলতাম আগামী এতদিনের ভিতরে এটা হবে তাহলে তো আমার জন্য সবচাইতে ভালো হতো।

এখন তো আমি অফ দ্য পকেট কিছু বলতে পারব না। ইভিএম এর পেছনে আমাদের এখন সংরক্ষণ বাবদ ব্যয় হচ্ছে।
এর আগে বর্তমান কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত পরিত্যাগ করেন। তার আগের কমিশন ইভিএম এর প্রকল্পের মেয়াদ বাড়াতে চেয়েও সরকার তাতে সায় দেয়নি। ফলে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে।