- মে ২১, ২০২৬
- জাতীয়
- 33
নিউজ ডেস্কঃ ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মন্ত্রিসভা বৈঠক শেষে স্কুলছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর
এ সময় তিনি হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
নিহত শিশু রামিসা আক্তারের বড় বোনের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী তার বাবা-মাকে উদ্দেশ্য করে বলেন, ‘এই অন্যায়ের সাথে যে জড়িত, তার বিচার আমরা আগে করতে চাই। এক সন্তানকে আল্লাহপাক নিয়ে গেছেন, আরেক সন্তান আপনাদের কাছে আছেন। ওর দিকে তাকিয়ে আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরও অনেকে।
