- জুন ৭, ২০২৬
- শীর্ষ খবর
- 41
নিউজ ডেস্কঃ সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত তথ্য দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৭ জুন) বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে অবৈধ পুশইন ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি, নিজস্ব ও বেসামরিক গোয়েন্দা নজরদারি জোরদার, মাইকিং, গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করা হচ্ছে।
একই সঙ্গে পুশইন প্রতিরোধমূলক কার্যক্রমে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবির এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
