• জুন ১৭, ২০২৬
  • শীর্ষ খবর
  • 34
ওসমানী হাসপাতাল থেকে চার ‘দালাল’ আটক

নিউজ ডেস্কঃ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের তৎপরতার অভিযোগের মধ্যে যৌথ অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাত প্রায় ১০টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি, প্রতারণা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সিলেট জেলার কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার শাহজাহান আহমেদের ছেলে তানভীর আহমেদ সুমন (৩০), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পশ্চিম পাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে সায়েম আহমেদ (৩৪), মৌলভীবাজার জেলার সদর থানার হেলালপুর এলাকার মৃত কনা মিয়ার ছেলে বকুল মিয়া (৫৬), এবং সিলেট জেলার কোতোয়ালী থানার কানিশাইল এলাকার মৃত বশির আহমেদের ছেলে সুমন আহমেদ (২৮)।

ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় দণ্ডবিধি আইনে তাদের সাজা প্রদান করা হয়। এর মধ্যে তানভীর আহমেদ সুমন ও সায়েম আহমেদকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং বকুল মিয়া ও সুমন আহমেদকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাসপাতালে দালাল চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয় এবং জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।