• আগস্ট ২০, ২০২৬
  • শীর্ষ খবর
  • 17
সাতছড়িতে মাটির নিচে পিস্তল-গুলি-ম্যাগাজিন উদ্ধার

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান চালায়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, দুষ্কৃতকারীরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।