• সেপ্টেম্বর ১১, ২০২৬
  • মৌলভীবাজার
  • 11
শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় মুখপোড়া হনুমানের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল ৬ নম্বর পুলসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় একটি মুখপোড়া হনুমান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক সড়কের পাশে হনুমানটি পড়ে থাকতে দেখেন। তিনি আহত হনুমানের মুখে পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেন এবং বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হনুমানটিকে মৃত ঘোষণা করেন। পরে মৃত হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানটি মারা গেছে।

মুখপোড়া হনুমান বাংলাদেশের বিপন্ন বন্য প্রাণীগুলোর একটি। বনভূমি কমে যাওয়া, আবাসস্থল ধ্বংস এবং মানুষের নানা ধরনের হস্তক্ষেপে এ প্রজাতির অস্তিত্ব দিন দিন হুমকির মুখে পড়ছে।

বাংলাদেশের চিরসবুজ কয়েকটি বনাঞ্চলের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান মুখপোড়া হনুমানের অন্যতম আবাসস্থল। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সন্ধানে এসব বন্যপ্রাণী অনেক সময় বনাঞ্চল সংলগ্ন সড়ক পার হয়।