- সেপ্টেম্বর ১১, ২০২৬
- শীর্ষ খবর
- 13
নিউজ ডেস্কঃ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার টিউব, চিনি, জুস এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
