• জুলাই ২৭, ২০২৬
  • লিড নিউস
  • 18
শিক্ষিকা বিউটির ঘটনায় তদন্ত কমিটি গঠন হচ্ছে না

নিউজ ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের ব্যাপারে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গতকাল রবিবার রাতে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়। তবে এই তদন্ত কমিটি গঠনের হবে না বলে বলে খবরের কাগজকে জানিয়েছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।

সোমবার (২৭ জুলাই) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন। মন্ত্রী মহোদয় বলেছেন, ‘এ ঘটনায় অন্যায় কিছু দেখছেন না’। উনার বক্তব্যের পর অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। আমরা প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে ভিডিওর ঘটনায় অন্যায় কিছুই পাইনি। তাই খামাখা এই ঘটনায় আর তদন্ত কমিটি করে কি লাভ? আর কোন কমিটি গঠন হবে না।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল, তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবার গাওয়া ‘আজ কেন মন, উদাসী হয়ে’ গানের সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছিলেন। সুন্দর শাড়ি পড়ে পরিপাটি অবস্থায় ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা ও ট্রল শুরু করে একটি উগ্রবাদী গোষ্ঠী।

শিক্ষিকা বিউটি রানী পালের ভিডিওটি নেতিবাচকভাবে ভাইরাল করা হলে তিনি উগ্রবাদী গোষ্ঠির তোপের মুখে পড়েন। ভিডিও করার কারণে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ এই স্কুল শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলে। এবং সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও ঘটনাটি তদন্ত করার ঘোষণা দেওয়া হয়। এমন পরিস্থিতি বিউটি রানী পাল তার ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নেন। তখন বিউটি পালের পাশে দাঁড়ান তার সহকর্মী, লেখক, সাংবাদিকসহ নানা পেশার মানুষজন। অভিনব ভাবে বিউটি পালকে নিয়ে সমালোচনা ও ট্রলের প্রতিবাদ জানাচ্ছেন সারা দেশের মানুষজন।

বিউটি পালের সঙ্গে সংহতি জানিয়ে অনেক শিক্ষক শিক্ষিকা নিজেদের বিদ্যালয়ের সামনে তার মতো হেঁটে হেঁটে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে ফেসবুকে নিজের ভিডিও আপ করছেন। অনেকেই তার ছবি ভিডিও দিয়ে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। তাই গতকাল রবিবার বিউটিপাল আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন খবরের কাগজের কাছে।

উল্লেখ্য, বিউটি রানী পাল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি ২০২৬ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংলিশ লিটারেচার এন্ড ল্যাংগুয়েজ (ELL) এ অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি ছোটবেলা থেকেই গান, নাচ, বক্তৃতা, চিত্রাঙ্কন, খেলাধুলা, আবৃত্তিসহ কো-কারিকুলার অ্যাকটিভিটিসে পারদর্শী ছিলেন।